প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 18, 2026 ইং
-
পঠিত: ৪৩৯ বার
নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে জয়ী হয়ে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁর আর কোনো আইনি বাধা রইল না।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দের আবেদন করেছেন। তাঁর আসনে অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী এই প্রতীকের জন্য আবেদন না করায় তিনি ‘ফুটবল’ পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, গত দশ দিন আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। প্রার্থিতা বাতিলের খবরে দেশ ও বিদেশের অসংখ্য মানুষ শুভকামনা জানিয়েছেন এবং দোয়া করেছেন। সাধারণ মানুষের ভালোবাসাই আমাকে শক্তি জুগিয়েছে। ইনশাআল্লাহ, এখন জনগণের বিপুল সমর্থন নিয়ে আমি নির্বাচনী ময়দানে লড়াই করতে পারব।
নির্বাচন কমিশন ও তাঁর আইনজীবী প্যানেলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “কমিশন আমাদের যুক্তিগুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং ন্যায়বিচার করেছেন। এখন মূল লক্ষ্য নির্বাচনের মাঠে জনগণের রায়ের প্রতিফলন ঘটানো।
উল্লেখ্য, এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় টেকনিক্যাল কারণে তাঁর প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এরপর ৮ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আজ সেই আপিলের রায় তাঁর পক্ষে আসায় এলাকায় তাঁর সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স