আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাবেক পাঁচবারের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান চৌধুরী সাকিব।
তিনি বলেছেন, 'আমি আপনাদের সন্তান। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমার মরহুম পিতা সারাটি জীবন এই ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি এমপি, উপজেলা চেয়ারম্যান এবং পাঁচ-পাঁচবার বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের ভালোবাসায় ধন্য হয়েছেন। পিতার সেই আদর্শকে ধারণ করেই আমি আপনাদের খেদমতে আসতে চাই।'
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ইঞ্জিনিয়ার সাকিব আরও বলেন, 'বৈরাগ ইউনিয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন, আধুনিক ও সুন্দর বৈরাগ ইউনিয়ন গড়ে তুলব।'
পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত পূজারী ও ভক্তদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাকিবের বিপুল সংখ্যক সমর্থক তাঁর সাথে উপস্থিত ছিলেন।