আজ রাতে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে প্রবাসীদের আশ্বস্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভাই-বোনদের ভিসা বাতিলের বিষয়টির ওপর বাংলাদেশ দূতাবাস পূর্ণ নজর রাখছে। ভিসা বাতিলের এ ঘটনা কোনো কারিগরি টেকনিক্যাল ত্রুটির কারণে হচ্ছে, নাকি এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে,তা নিশ্চিত হতে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে।
ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত হয়ে প্রতিনিয়ত তথ্য নিচ্ছেন। সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে বলে দূতাবাস আশ্বস্ত করেছে।
দূতাবাসের শ্রম উইং সূত্র জানায়, ভিসা সংক্রান্ত জটিলতার সমাধান চেয়ে এ পর্যন্ত আবুধাবি বাংলাদেশ দূতাবাসে ১,৪০০ জন প্রবাসী আবেদন জমা দিয়েছেন। প্রাপ্ত আবেদনগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ শেষে আজ প্রথম দফায় ৩০০ জন প্রবাসীর আবেদন আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।
বর্তমানে এই আবেদনগুলো কার্যকারিতা ও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে, আমিরাত কর্তৃপক্ষের ইতিবাচক বিবেচনার মাধ্যমে প্রবাসীদের এই জটিলতার নিরসন ঘটবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় প্রতীক, পতাকা এবং দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে কিছু অসাধু চক্র অসত্য তথ্য ও গুজব ছড়াচ্ছে। প্রবাসীদের এসব গুজবে কান না দেওয়া এবং তা শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে আরব আমিরাতের আইন-কানুন যথাযথভাবে মেনে চলা এবং যেকোনো তথ্যের জন্য কেবল দূতাবাসের অফিশিয়াল সূত্রের ওপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো দরকারে দূতাবাস সবসময় প্রবাসীদের পাশে থাকবে বলে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
দৈনিক ইনফো বাংলা