ফরহাদুল ইসলাম,আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন (৩৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ জুন) ভোর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রূদরা ময়নার বাড়ীর আবদুস ছোবাহানের ছেলে।
এর আগে গত ২২ জুন সকাল ১১টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও সোহেল নামের এক যুবকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে সোহেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর আহত সোহেলের চাচা মো. বদিউল আলম (৪৩) বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে প্রকাশ্য স্থানে ছুরিকাঘাতের এই নৃশংস ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গণমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়।
এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতা শুরু করে। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অবশেষে প্রধান আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আজ শনিবার দুপুরেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।