চট্টগ্রামের ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে কুতুবে জমান হযরত জনাব কাজী আছাদ আলী শাহ ছাহেব কেবলা (রহ.) এর মহাপবিত্র বেছাল বার্ষিকী ওরস মোবারক আগামী মঙ্গলবার (১২ মে/২৯ বৈশাখ) মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ওরসকে কেন্দ্র করে ইতোমধ্যে দরবার শরীফে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত, আশেকান ও মুরিদানের আগমনে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক আবহ।
আহলা দরবার শরীফ সূত্রে জানা যায়, হযরত কাজী আছাদ আলী শাহ ছাহেব কেবলা (রহ.) ছিলেন হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী (ক.) এর অন্যতম প্রধান খলিফা ও চট্টগ্রামের প্রখ্যাত ওলিয়ে কামেল। তাঁর আধ্যাত্মিক সাধনা, মানবপ্রেম এবং ইসলামের সুমহান আদর্শ প্রচারে অবদানের কারণে তিনি অসংখ্য ভক্ত-অনুসারীর হৃদয়ে আজও শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে আছেন।
ওরস মোবারকে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন ছাহেব আল কাদেরী আল চিশতি (ম.জি.আ)। এছাড়া পুরো অনুষ্ঠান পরিচালনায় থাকবেন নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুফতি মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম (ম.জি.আ) এবং শাহজাদা সৈয়দ মুহাম্মদ রিজুয়ানুল ইসলাম (ম.জি.আ)।
আঞ্জুমানে গাউসিয়া আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া মঞ্জিলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ওরসে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানান, ওরস উপলক্ষে দিন-রাতব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজা শরীফে গিলাপ ও মাল্যদান, জীবনী শরীফ আলোচনা, সারারাতব্যাপী জিকির-আজকার, ছেমা মাহফিল এবং আখেরি মোনাজাত। মোনাজাত শেষে উপস্থিত ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হবে।
দরবার শরীফে আগত ভক্তরা বলেন, “প্রতিবছরের মতো এবারও ওরসকে ঘিরে আমাদের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে। এই ওরস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আধ্যাত্মিক শিক্ষা ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন।”
আয়োজক কমিটির এক সদস্য জানান, ভক্তদের নিরাপত্তা, যাতায়াত ও খাবারের বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওরসকে কেন্দ্র করে দরবার শরীফ এলাকায় আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে।
ওরস মোবারকে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত আশেকানদের অংশগ্রহণে পুরো আহলা দরবার শরীফ আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Sarwar Rana