টিকাদানে সচেতনতা বাড়াতে কর্ণফুলীতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগ
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 15, 2026 ইং
-
পঠিত: ৭৪ বার
হাম ও রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী শুরু হতে যাওয়া হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বিশেষ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র। সভায় বক্তারা জানান, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া এই টিকাদান কর্মসূচি উপজেলার পর্যায়ে আগামী ১২ মে পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
সভাপতির বক্তব্যে ডা. মোসাম্মৎ জেবুন্নেসা বলেন, “হাম ও রুবেলা একটি সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কর্ণফুলী উপজেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে চাই। ইতোমধ্যে যারা ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর টিকা গ্রহণ করেছে, তারাও এই বিশেষ ক্যাম্পেইনের সময় আবার টিকা নিতে পারবে। অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সফল করা সম্ভব নয়।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র বলেন, “সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। হাম-রুবেলা নির্মূলে এই টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কর্ণফুলী উপজেলার প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “অভিভাবকদের অনুরোধ করছি, নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে তাদের সন্তানদের টিকা নিশ্চিত করুন। টিকা নেওয়ার আগে অনলাইন প্ল্যাটফর্ম ‘vaxepi’-তে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করলে কার্যক্রম আরও সহজ হবে।”
সভায় জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করবেন। টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কর্ণফুলী উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শতভাগ সফল হবে এবং শিশুরা এই সংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana
কমেন্ট বক্স