২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে ট্রেইনার্সের কাজ করছে ট্রেইনার্স
-
নিউজ প্রকাশের তারিখ :
Nov 2, 2026 ইং
-
পঠিত: ১০ বার
উৎফল বড়ুয়া ::::
আগামী ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে আন্তর্জাতিক মানের ১০ হাজার পেশাদার ট্রেইনার গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য ঘোষণা করেছে ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রেইনার্স)। সংগঠনটির নেতারা জানান, ট্রেইনারদের পেশাগত উৎকর্ষ সাধন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসেই নিয়মিত বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেইনাররা সমৃদ্ধ রিসোর্স ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন, যা তাঁদের পেশাগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশে ও বিদেশে কাজের নতুন সুযোগ সৃষ্টি করছে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বহুমুখী সম্মেলন কক্ষে আয়োজিত ট্রেইনার্সের ৩য় ইনস্টলেশন প্রোগ্রামে সংগঠনের নতুন ১৩৮ জন ট্রেইনার সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মাধ্যমে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মো. ইউসুফ ইফতি তাঁর বক্তব্যে বলেন, "আধুনিক বৈশ্বিক চাহিদা ও করপোরেট অঙ্গনের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রশিক্ষকদের নিয়মিত দক্ষতা হালনাগাদ করা অত্যন্ত জরুরি। ট্রেইনার্স কেবল একটি সংগঠন নয়, বরং এটি প্রতিটি ট্রেইনারের ক্যারিয়ার বিকাশের শক্তিশালী একটি সহায়ক প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য-আগামী ২০৩০ সালের মধ্যে ১০ হাজার গ্লোবাল স্ট্যান্ডার্ড ট্রেইনার তৈরি করা, যাঁরা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দেবেন।"
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. আল-আমিন বলেন, "বাংলাদেশে ট্রেইনার্সের মতো একটি পেশাদার সংগঠন সক্রিয় থাকা ভবিষ্যতের মানবসম্পদ গঠনের ক্ষেত্রে অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক ভূমিকা রাখবে। দক্ষ ও দূরদর্শী প্রশিক্ষকেরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ মানুষ গড়ে তুলবেন।” তিনি ঘোষণা দেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ভবিষ্যতেও ট্রেইনার্সের সামনের বিভিন্ন প্রোগ্রামে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রফিউদ্দীন আহমেদ (বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লিয়েনে কর্মরত) ট্রেইনার্সের পেশাদার অগ্রযাত্রার প্রশংসা করেন এবং সংগঠনটির পরবর্তী ইনস্টলেশন প্রোগ্রামটি নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক।
দেশের বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ট্রেইনার্সের সভাপতি ড. কে এম হাসান রিপন। সংগঠনের সহসভাপতি ও সদস্যপদবিষয়ক কমিটির প্রধান মোহাম্মদ মোরাদ হোসেন জানান, ট্রেইনারদের সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও আরও বড় পরিসরে উদ্ভাবনী প্রোগ্রাম আয়োজন করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেইনার্সের মহাসচিব লায়লা নাজনীন এবং পরিচালক (কৌশল ও উদ্ভাবন) জিয়া উদ্দিন মাহমুদ। আমন্ত্রিত অতিথিরা নবীন সদস্যদের হাতে সনদ ও পরিচয়পত্র তুলে দেন।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স