ঢাকা | বঙ্গাব্দ

‘ভুয়া মামলাবাজ’ অপপ্রচারের প্রতিবাদে কর্ণফুলীতে মানববন্ধন, মেম্বার প্রার্থী শেখ আহমদের ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • পঠিত: ১৭৪ বার
Overlay/Verification

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো কথিত মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন জুলধা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী শেখ আহমদ। শুক্রবার (১ মে) বিকেল ৫টায় উপজেলার ফকিন্নির হাট রাস্তার মাথায় জুলধা ৮নং ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, ভুক্তভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখ আহমদের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাকে ‘ভুয়া মামলাবাজ’ আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা করতেই প্রতিপক্ষরা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
মেম্বার পদপ্রার্থী শেখ আহমদ তার বক্তব্যে বলেন, “গত ২৩ এপ্রিল স্থানীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে আমাকে ভূয়া মামলাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। প্রকৃতপক্ষে আমি অন্যায়, সন্ত্রাস, ভূমিদখল ও নারী নির্যাতনের বিরুদ্ধে আইনি লড়াই করেছি। এজন্যই প্রতিপক্ষরা আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।”
তিনি আরও অভিযোগ করেন, তার প্রতিপক্ষ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি অতীতে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ছিল এবং বর্তমানে রাজনৈতিক পরিচয় বদলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। শেখ আহমদ বলেন, “আমি জনগণের অধিকার রক্ষায় কাজ করেছি বলেই আজ ষড়যন্ত্রের শিকার হচ্ছি।”
মানববন্ধনে অংশ নেওয়া স্বামীহারা নারী আছিয়া বেগম বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর কিছু প্রভাবশালী ব্যক্তি আমার বসতঘর দখলের চেষ্টা করে। শেখ আহমদ প্রতিবাদ করায় তাকেও হুমকি দেওয়া হয়। আমরা অসহায় মানুষ, আমাদের পাশে দাঁড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হওয়া দরকার।”
আরেক ভুক্তভোগী কুলসুমা বেগম অভিযোগ করে বলেন, তার প্রবাসী স্বামী বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় প্রভাবশালী সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি দাবি করেন, তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। কুলসুমা বলেন, “শেখ আহমদ আমাদের পক্ষে প্রতিবাদ করায় তাকেও টার্গেট করা হয়েছে।”
স্থানীয় বক্তারা বলেন, শেখ আহমদের দায়ের করা মামলাগুলো ব্যক্তিগত প্রতিহিংসা নয়; বরং হত্যা, নারী নির্যাতন, ভূমিদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ। এসব মামলাকে ‘হয়রানিমূলক’ বলে অপপ্রচার চালিয়ে প্রকৃত অপরাধীদের রক্ষা করার চেষ্টা চলছে।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ গোষ্ঠী সংবাদ সম্মেলন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শেখ আহমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, “যে ব্যক্তি সাধারণ মানুষের জমি, নিরাপত্তা ও অধিকার রক্ষায় লড়াই করছেন, তাকে মিথ্যা মামলাবাজ বানিয়ে উপস্থাপন করা জনগণের কণ্ঠরোধের শামিল।”
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, কর্ণফুলীতে এ ঘটনা কেবল ব্যক্তি আক্রমণ নয়; বরং স্থানীয় রাজনীতি, সামাজিক প্রভাব বিস্তার এবং নির্বাচনপূর্ব ক্ষমতার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ফলে বিষয়টি প্রশাসনের গভীর তদন্ত ও সুষ্ঠু আইনি পদক্ষেপের দাবি রাখে।
মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী স্পষ্ট বার্তা দিয়েছেন—মিথ্যা প্রচারণা, সামাজিক অপমান ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা সোচ্চার এবং প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স