চট্টগ্রামের কর্ণফুলীতে স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন মো. সোহেল (২২) নামে এক যুবক। এ ঘটনায় স্ত্রীর বড় ভাই ও ভাবির বিরুদ্ধে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কর্ণফুলী থানায় করা জিডিটির নম্বর ১২৫৪। জিডিতে সোহেল অভিযোগ করেন, অভিযুক্ত মোহাম্মদ শফি (২৮) তার স্ত্রী আয়েশা খাতুনের বড় ভাই এবং রিয়া আক্তার সাথী (২৫) শফির স্ত্রী।
জিডিতে উল্লেখ করা হয়, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে শফির ঘরের সামনে সোহেলকে ডেকে নেওয়া হয়। সেখানে কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
সোহেলের অভিযোগ, তাকে মারধরের সময় তার স্ত্রী আয়েশা খাতুন এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করেন। তখন তাকেও গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে সোহেল আরও উল্লেখ করেন, ঘটনার পর তিনি ও তার স্ত্রী ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান তিনি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার নুর আহমদ জানান, মারধরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana
Sarwar Rana