বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই

প্রকাশিত: 12:37 রাত, 20 অক্টো 2026


​আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:


​সাবেক পাঁচবারের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান চৌধুরী সাকিব।

​তিনি বলেছেন, 'আমি আপনাদের সন্তান। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমার মরহুম পিতা সারাটি জীবন এই ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি এমপি, উপজেলা চেয়ারম্যান এবং পাঁচ-পাঁচবার বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের ভালোবাসায় ধন্য হয়েছেন। পিতার সেই আদর্শকে ধারণ করেই আমি আপনাদের খেদমতে আসতে চাই।'


​গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


​সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ইঞ্জিনিয়ার সাকিব আরও বলেন, 'বৈরাগ ইউনিয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি বৈষম্যহীন, আধুনিক ও সুন্দর বৈরাগ ইউনিয়ন গড়ে তুলব।'

​পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত পূজারী ও ভক্তদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। 

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাকিবের বিপুল সংখ্যক সমর্থক তাঁর সাথে উপস্থিত ছিলেন।