ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
  • পঠিত: ১২২ বার
Overlay/Verification

যীশু সেন :

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Aging)। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৮৫০ জন যোগপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রোববার (২১ জুন) বিকেলে চট্টগ্রাম নৌবাহিনী কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “যোগব্যায়াম শুধু একটি শারীরিক অনুশীলন নয়; এটি সুস্থ শরীর, মানসিক প্রশান্তি ও সুষম জীবনযাপনের একটি কার্যকর উপায়। নিয়মিত যোগচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগব্যায়াম কেবল শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন।”

তিনি বলেন, করোনাভাইরাস মহামারি আমাদের শিখিয়েছে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক সুস্থতার গুরুত্ব কতটা অপরিহার্য। যোগচর্চা এ দুই ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারে। নিয়মিত যোগব্যায়াম মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে, মানসিক দৃঢ়তা বাড়ায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে।

চট্টগ্রামে যোগচর্চার প্রসার প্রসঙ্গে মেয়র বলেন, নগরবাসীর মধ্যে যোগব্যায়ামের প্রতি আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্কুল, অফিস ও কমিউনিটি সেন্টারগুলোতে নিয়মিত যোগচর্চার ব্যবস্থা চালু করা গেলে নাগরিকদের স্বাস্থ্য, কর্মক্ষমতা ও মনোবল আরও উন্নত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হারীশ কুমার। তিনি বলেন, “যোগ একটি প্রাচীন অনুশীলন, যার অর্থ ‘যুক্ত হওয়া’ বা ‘একত্রিত হওয়া’। এটি দেহ, মন ও শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে মানুষের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে যোগের উৎপত্তি হলেও এটি কেবল শারীরিক ব্যায়াম বা বিভিন্ন আসনের চর্চার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা, যা শারীরিক প্রাণশক্তি, মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক প্রশান্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ভারতের উদ্যোগে জাতিসংঘ ২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ বয়স বৃদ্ধির সঙ্গে সুস্বাস্থ্য, নমনীয়তা, মানসিক স্থিতি ও জীবনীশক্তি বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব তুলে ধরে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, শরীরকে সক্রিয় রাখে এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “যোগ আমাদের সবাইকে সংযুক্ত করে এবং ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। যখন যোগ জীবনযাত্রার অংশ হয়ে ওঠে, তখন তা মানবিক সম্প্রীতি ও ভারসাম্যপূর্ণ জীবনের ভিত্তি গড়ে তোলে। শারীরিক সুস্থতা থেকে মানসিক প্রশান্তি—জীবনের প্রতিটি ক্ষেত্রে যোগ ইতিবাচক প্রভাব ফেলে।”

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম ভারতীয় হাই কমিশনের মিসেস মনি।

অনুষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের নিয়ে যোগব্যায়ামের বিভিন্ন অনুশীলন পরিচালনা করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা যোগচর্চার নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং সুস্থ জীবনধারা গঠনে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা অর্জন করেন।

যোগব্যায়াম অনুশীলন পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের যোগ-ধ্যান চিফ প্রশিক্ষক আহমদ শরীফ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রামের ইয়োগা ইন্সট্রাক্টর দেবাশীষ পাল দেবু ও মহিলা ইয়োগা ইন্সট্রাক্টর শিরিন সালমা তাঁদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও শারীরিক-মানসিক সুস্থতা বৃদ্ধিতে সহায়ক অনুশীলনে অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স