সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল নিয়ে জয়লাভে আশাবাদী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

প্রকাশিত: 07:17 সকাল, 18 মার্চ 2026
ব্যারিস্টার মোস্তাকিম রাজা মূলত একজন একনিষ্ঠ সমাজকর্মী। তিনি দীর্ঘদিন যাবৎ দুস্থ-অসহায়দের সহযোগিতা করছেন। তাঁর গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জ হলেও সিলেটের সর্বত্র সমাজসেবামূলক কাজে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। শিক্ষা, সাংবাদিকতা, সমাজসেবায় সরব থাকলেও রাজনীতির মাঠে তিনি সর্বদলীয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সর্বত্র জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও সকল দল, সকল মতের, সকল শ্রেণি-পেশার ভোটারদের ভোটে তিনি ফুটবল মার্কা নিয়ে জয়লাভ করবেন। প্রায় এক যুগ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় আলাদা সুফল পাচ্ছেন তিনি। প্রচারণায় সাড়া পাচ্ছেন সব শ্রেনীর মানুষের। ফুটবল মার্কা নিয়ে গ্রাম গঞ্জ পাড়ায় পাড়ায় চালাচ্ছেন জোর প্রচারণা। এই আসনে যুব সমাজের আইকন খ্যাত ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, মানুষ স্বতস্ফুর্ত ভাবে আমাকে গ্রহন করছে। বিভিন্ন এলাকায় যুব সমাজ ও মুরব্বিয়ানরা আমার হয়ে কাজ করছেন। আমি প্রায় যুগ ধরে মানুষের সুখে দুখে পাশে ছিলাম। প্রাকৃতিক দুর্যোগে বা অসহায় মানুষের পাশে ছিলাম সার্বক্ষণিক। আজ আপামর মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ইনশা আল্লাহ মানুষ আমাকে মূল্যায়ন করবেন।