রেস্টুরেন্টে ভাত খেতে গিয়ে বিপত্তি, পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি

প্রকাশিত: 06:38 সকাল, 18 নভে 2026
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইন্সের সামনে পিকআপ ভ্যান রেখে রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন পুলিশের সদস্যরা। খাবার শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে নেই পুলিশের ব্যবহৃত পিকআপটি। পরে সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তিকে গাড়িতে উঠে সেটি চালিয়ে নিয়ে যেতে দেখা যায়। তবে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল টিমের সদস্যরা একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিলেন। দুপুরে তারা আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইন্সের সামনে গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।


পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পিকআপটির কাছে গিয়ে সেটিতে উঠে দ্রুত চালিয়ে নিয়ে যায়। এরপর নগর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান ও তল্লাশি শুরু করে।


নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার টহল টিমের ব্যবহৃত একটি পুরোনো পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রেখে সদস্যরা খাবার খেতে যান। পরে ফিরে এসে গাড়িটি সেখানে দেখতে পাননি। বিষয়টি জানার পর পুলিশ তৎপরতা শুরু করে।


তিনি জানান, পুলিশের অভিযান ও তৎপরতার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।


কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বলেন, হালিশহর এলাকা থেকে পুলিশের একটি গাড়ি চুরি হওয়ার পর সেটি কর্ণফুলীর ফকিন্নীর হাট এলাকায় পাওয়া গেছে। গাড়িটি উদ্দার করে হলিশহর থানার ওসি কাছে হস্তান্তর করা হয়েছে।


পিকআপটি কীভাবে ফকিন্নীর হাটে নেওয়া হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।