মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 08:18 রাত, 17 নভে 2026
নিজস্ব প্রতিবেদক, সিলেট::::
শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যিনি আজীবন ছিলেন আপসহীন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে যাঁর কণ্ঠ ছিল বজ্রকঠিন, সেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার তমদ্দুন মজলিস, সিলেট ও মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেটের যৌথ উদ্যোগে কলেজের শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ড. শহীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। জুবায়ের আহমদ সার্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. তুতিউর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। সাধারণ মানুষের অধিকার, কৃষক-শ্রমিকের মুক্তি, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন। তাঁরা আরও বলেন, মাওলানা ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম, প্রতিবাদী চেতনা ও আপসহীন সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ইতিহাসের এই মহান নেতার জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। বক্তারা বলেন, ইতিহাসের পাতায় অনেক নেতার নাম লেখা থাকলেও মানুষের হৃদয়ে স্থান করে নেন তাঁরাই, যাঁরা নিজেদের জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করেন। মাওলানা ভাসানী ছিলেন তেমনই একজন জননেতা। তাঁর আদর্শ ও সংগ্রামের ইতিহাস চর্চার মাধ্যমে দেশপ্রেম, মানবিকতা ও অধিকারসচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন, ঐতিহাসিক ভূমিকা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয় জীবনে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি বেলাল আহমদ চৌধুরী, কবি সৈয়দ রেজাউল হক, কবি শামসীর হারুনুর রশীদ, ছড়াকার সাজন আহমেদ সাজু, অধ্যক্ষ মনজুরে মাওলা, ছয়ফুল আলম পারুল, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, প্রফেসর আবুল কালাম আজাদ, মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, লেখক ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ, সাংবাদিক উৎফল বড়ুয়া, ছড়াকার কুবাদ বখত চৌধুরী রুবেল, সৈয়দ নুরুল হোসেন, জোবায়দা বেগম আখি, সোনিয়া আক্তার, মেহেনাজ পারভিন, মারুফা আক্তার, দিশারা আক্তার, রুহুল আমিন, আবু নছর মোহাম্মদ সুফিয়ান, তৈয়বা রহমান চৌধুরী, ওমর ফারুক, ফয়জুল হক, মো. তাজউদ্দীন, বিক্রম, আজিমা আক্তার, আনোয়ার হোসেন চৌধুরী, আবদুস ছাত্তার ও কামাল উদ্দিন ভূঁইয়াসহ শিক্ষাবিদ, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। সভায় বক্তারা মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ, রাজনৈতিক দর্শন ও সংগ্রামী চেতনাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন, গণমানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়—নেতৃত্বের প্রকৃত সার্থকতা ক্ষমতায় নয়, মানুষের পাশে দাঁড়ানোর সাহসে।