রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন

প্রকাশিত: 01:38 রাত, 24 অক্টো 2026
ক্রীড়ামোদী ও তরুণদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো রাউজানের ক্রীড়া সংগঠন ইউনিক ফুটবল ক্লাবের খেলার মাঠ। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মনোরম পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিয়ষক সম্পাদক মোহাম্মদ আলী সুমন ফিতা কাটার পর এই খেলার মাঠের পর্দা উন্মোচিত হয়। খেলাধুলার আলোয় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী সুমন বলেন, ‘তরুণ ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই মাঠটি কেবল ফুটবল খেলার স্থান নয়, এটি স্থানীয় যুবকদের ইতিবাচক মানসিকতা ও সামাজিক সংহতি বৃদ্ধির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে খেলার মাঠের বিকল্প নেই।’ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন। তিনি যুবসমাজকে মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। রাউজান কলেজ ছাত্রদল নেতা এয়াকুব উদ্দিন আরিফ পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ শিহাব। নতুন মাঠের এই স্মরণীয় মুহূর্তটিকে কেন্দ্র করে উদ্দীপনার কোনো কমতি ছিল না ইউনিক ফুটবল ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে। ক্লাবের সর্বস্তরের সদস্যদের প্রতিনিধিত্ব করে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মিশু, ক্রীড়া সংগঠক ও কলেজ শিক্ষার্থী মাহমুদুল হাসান নাহিন, মোহাম্মদ আবির, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ জিসান, মোহাম্মদ সিয়াম রাফি, আরমান ও রিজভী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন খেলার মাঠটি রাউজানের স্থানীয় যুবসমাজকে নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত করবে এবং একটি সুস্থ, মাদকমুক্ত ও প্রাণবন্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন এই শুভসূচনার মধ্য দিয়ে এলাকাটিতে ক্রীড়া চর্চার এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।