‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান
তীব্র লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দিন নোমান।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা শাখার মজলিসে শুরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন নোমান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মাস্টার মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর। সভায় উপজেলা নায়েবে আমির মাহবুব আলী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, আব্দুর রহমান, ইলিয়াছ মেম্বার ও শরীফ সুমনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা গণভোটের গণরায় বাস্তবায়ন, সর্বত্র দলীয়করণ বন্ধ, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার দাবি জানান।
বক্তারা বলেন, জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হলে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ অধিবেশনে সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জনদুর্ভোগ নিরসন ও রাজনৈতিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বক্তারা।