আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং কেনাবেচার রসিদ না রাখার দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
অভিযান সূত্র জানা যায়, কালাবিবির দিঘী এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় 'বিনিময় ট্রেডার্স'-এর স্বত্বাধিকারী খোরশেদ আলমকে (৪৪) ৪০ হাজার টাকা এবং 'সাদিম ট্রেডার্স' এর স্বত্বাধিকারী মোঃ সাদিম উদ্দিনকে (২৯) ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারের ক্রয় রসিদ সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়ায় 'জহির স্টোর' এর স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদকে (৪০) ১০ হাজার টাকা ও 'ইব্রাহিম স্টোর'-এর স্বত্বাধিকারী ইব্রাহিমকে (৫৮) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আনোয়ারা উপজেলায় জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট ও মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।