শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’

প্রকাশিত: 04:34 সকাল, 23 সেপ্ট 2026
বই নিয়ে আলোচনা, নিজের পড়া বইয়ের পর্যালোচনা আর জ্ঞানচর্চায় প্রাণবন্ত এক বিকেল—এভাবেই রাউজান ইংলিশ স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘সাহিত্য আসর’। শিক্ষকদের পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ‘বই পড়ি, মানুষ হই, নির্মিত হোক মননশীল সমাজ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকরা নিজেদের পড়া বিভিন্ন বই নিয়ে আলোচনা করেন এবং বুক রিভিউ উপস্থাপন করেন। এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক আরমান উদ্দিন, মুছরাত আলম রাখি, সুমাইয়া সামি, মৌমিতা বড়ুয়া, নিজাম উদ্দিন, সাছরিন ইসলাম কুরচি, নিশান বড়ুয়া, প্রিয়া দাশ, দীপা বড়ুয়া ও রীমা ভৌমিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ দুলাল চন্দ্র তালুকদার। স্বাগত বক্তব্য দেন শিক্ষক তসলিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক সৈয়দ ইউসুফ আমিন ও গৌতম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জহির উদ্দিন জুয়েল। প্রধান অতিথি অংচিং মারমা বলেন, ‘শিক্ষকদের মধ্যে বই পড়ার অভ্যাস সমৃদ্ধ হলে এর ইতিবাচক প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়ে। জ্ঞান ও মননশীলতা বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই।’ আলোচনা শেষে বিদ্যালয়ের ‘বই পড়া’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।