বিশেষ কৌশলে সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা পাচার, আনোয়ারায় গ্রেফতার ২

প্রকাশিত: 09:28 সকাল, 04 সেপ্ট 2026



আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার ভেতরে বিশেষ কায়দায় রাখা গ্যাস সিলিন্ডার কেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। উদ্ধার হওয়া ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দিঘীর মোড় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে র‍্যাব।

​গ্রেফতার ব্যক্তিরা হলেন-কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়ার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদরের নয়াপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।


 শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সহকারী পরিচালক ( মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

​র‍্যাব জানায়, কক্সবাজার থেকে অটোরিকশায় মাদকের একটি বড় চালান চাটগাঁর দিকে আসছে, এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালাবিবির দিঘীর মোড়ে অস্থায়ী তল্লাশিচৌকি বসায় র‍্যাব সদস্যরা। একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামানোর সংকেত দেওয়া হয়। র‍্যাবের উপস্থিতি দেখে গাড়িতে থাকা দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের ধরা হয়।

​পরবর্তীকালে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মিল পাওয়া যায় মূল চালানের। সিএনজির পেছনে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকানো ২২টি স্কচটেপে পেঁচানো বান্ডেল উদ্ধার করা হয়, যা থেকে বেরিয়ে আসে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা।

​র‍্যাবের ওই কর্মকর্তা জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।