নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন:

প্রকাশিত: 05:02 সকাল, 01 সেপ্ট 2026
ডা.তুহিন বড়ুয়া তমাল::: রোদ নিয়ে অনেক মিথ আছে। নবজাতককে কি রোদে দেব? বড় বাচ্চা কতক্ষণ রোদে থাকবে? রোদ না দিলে জন্ডিস হয় কি? - ইত্যাদি ইত্যাদি। রোদ নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বে ভোগার দরকার নেই। বাসার বুড়ো-বুড়ি, পাড়াপ্রতিবেশীরা বলেছেন- রোদ নিয়ে অমুক করতে হবে, তমুক করতে হবে- এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। রোদ নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: নবজাতক তথা ৬ মাসের কম বয়সী শিশুকে সরাসরি রোদে না রাখাই উত্তম। কেন? নবজাতক/১ বছরের কম বয়সী বাচ্চাদের চামড়া প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে প্রায় ৪০–৬০ গুণ বেশি পাতলা। তাই তাদের চামড়ায় তুলনামূলক কম পরিমাণে পানি থাকে এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজিং ফ্যাক্টরও কম থাকে। তারা সহজেই পানিশূন্যতায় ভুগতে পারে এবং চামড়ায় ক্ষত হওয়ার প্রবণতা থাকে। সূর্যের আলোতে থাকে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি। নবজাতককে খালি গায়ে সরাসরি সূর্যের আলোতে রাখলে আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। হাইপারথারমিয়া (শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া) ও সানবার্ন হতে পারে। আমরা জানি, সূর্যের আলো ভিটামিন ডি তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে নবজাতকের ভিটামিন ডি-এর কী হবে? উত্তর হলো, নবজাতককে ১ বছর পর্যন্ত প্রতিদিন ভিটামিন ডি খাওয়াতে হবে। তাহলে বড় বাচ্চাদের সূর্যের আলোতে যাওয়ার নিয়ম কী? সপ্তাহে কতবার এবং কতক্ষণ? ১। কতক্ষণ সূর্যের আলোতে থাকা লাগবে? উত্তর: ১ বছরের নিচের বাচ্চাদের: ১৭–৩০ মিনিট ১ বছরের উপরের বাচ্চাদের: ৩০–৪৫ মিনিট ২। কোন সময়ের সূর্যের আলো ভিটামিন ডি তৈরিতে বেশি ভূমিকা পালন করে? উত্তর: সকাল ১১টা থেকে দুপুর ৩টা। ৩। সপ্তাহে কতবার? উত্তর: ন্যূনতম সপ্তাহে ৫ বার। ৪। শরীরের কতটুকু অংশ সূর্যের আলো পাবে? উত্তর: ১৫–৪০% BSA (Body Surface Area)। ৫। ১৫–৪০% BSA কীভাবে পরিমাপ করব? উত্তর: আনুমানিক পরিমাপ- - মুখ: ৭–১০% - হাতের কনুই থেকে কবজি পর্যন্ত: ৮% - হাতের পুরো তালু: ৪% - পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত: ৮–১২% - পায়ের গোড়ালি থেকে বাকি অংশ: ৮% সুতরাং, ৬ মাসের বেশি বয়সী শিশু বলেন অথবা বড় বাচ্চাই বলেন, কাউকেই একদম উদোম করে কাপড় খুলে রোদে দেওয়ার প্রয়োজন নেই। বাচ্চার গায়ে পাতলা কাপড় থাকবে। উল্লেখিত অংশগুলো শুধু সূর্যালোকের সংস্পর্শে এলেই তা পর্যাপ্ত ভিটামিন ডি তৈরির জন্য যথেষ্ট। ৬। বাচ্চাদের সানস্ক্রিন মাখানো যাবে? উত্তর: কোনো কোনো গাইডলাইনে বলা আছে, নিয়মিতভাবে বাচ্চাদের সানস্ক্রিন দেওয়ার প্রয়োজন নেই। আবার কিছু গাইডলাইনে বলা আছে, ১ বছরের বেশি বয়সী বাচ্চাদের সানস্ক্রিন দেওয়া যেতে পারে। সুতরাং, একটি বাচ্চাকে জন্মের পরই খালি গায়ে রোদে রেখে দেওয়াটা সমীচীন নয়। আবার বড় বাচ্চাদের ঘরকুনো করে রাখাটাও অনুচিত। রোদে যেতে হবে। মাঠে খেলতে হবে। ঘাসে গড়াগড়ি খেতে হবে। প্রকৃতির সঙ্গেই বড় হতে হবে। আর হ্যাঁ, নবজাতককে রোদে না দিলে জন্ডিস হয়-এটি একটি ভুল ধারণা। আবার জন্ডিস হলে রোদে দিতেই হবে- এটিও সঠিক নয়। লেখক পরিচিত : ডা. তুহিন বড়ুয়া তমাল শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক (পেডিয়েট্রিক্স) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।