প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ
প্রকাশিত: 09:48 সকাল, 31 আগ 2026
নিজস্ব প্রতিবেদক:::: প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ, সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ। তিনি ৮১ বছর অতিক্রম করে জীবনের ৮২তম বছরে পদার্পণ করেছেন।
দীপংকর বড়ুয়া রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বৌদ্ধতীর্থ পল্লী কাজড় দিঘীর পাড় গ্রামে জন্মগ্রহণ করেন। প্রয়াত শশীভূষণ বড়ুয়া ও প্রয়াত জ্ঞানদা বালা বড়ুয়ার দ্বিতীয় পুত্র তিনি। দীর্ঘ শিক্ষকতা জীবনে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসরজীবনে ধর্ম, শিক্ষা, সমাজ ও মানবকল্যাণে তাঁর অবদান আরও বিস্তৃত হয়েছে।
দীপংকর বড়ুয়া একজন নিবেদিতপ্রাণ লেখক। প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণের পর তিনি বৌদ্ধ ধর্ম ও দর্শনবিষয়ক ১২টি গ্রন্থ রচনা করেছেন। তাঁর লেখনীতে বৌদ্ধধর্মের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সমাজকল্যাণের ভাবনা প্রতিফলিত হয়েছে।
শিক্ষক সংগঠনের ক্ষেত্রেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তিনি রাউজান (দক্ষিণ) প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে পাঁচ বছর নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষক নেতৃত্বে দায়িত্ব পালন করেন।
নিজ গ্রামের কাজড় দিঘীর পাড় জেতবন বিহারের উন্নয়ন ও পরিচালনায়ও তাঁর ভূমিকা অনন্য। তিনি দীর্ঘ ২২ বছর বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে বিহারের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সাংগঠনিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও দীপংকর বড়ুয়ার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সমাজের কল্যাণে কাজ করে আসছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে তিনি সম্মাননা ও সংবর্ধনায় ভূষিত হয়েছেন।
মানবিক কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন দীপংকর-সুপ্রভা ট্রাস্ট। এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সামর্থ্য অনুযায়ী তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, অসুস্থ বৌদ্ধ ভিক্ষু এবং অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
এ ছাড়া ত্রৈমাসিক ‘দীপংকর প্রজ্ঞাবার্তা’ পত্রিকার সঙ্গে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত। পত্রিকাটির প্রকাশনা ও মানোন্নয়নে পৃষ্ঠপোষকতা, পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন।
তাঁর ৮২তম জন্মদিন উপলক্ষে বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা পরিবার, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, দীপঙ্কর প্রজ্ঞাবার্তা, দীপংকর-সুপ্রভা ট্রাস্ট, বৌদ্ধ বার্তা পরিবারসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভ জন্মদিনে প্রথিতযশা এই লেখক ও শিক্ষাবিদের প্রতি জানানো হয়েছে বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরোগ জীবন কামনা করে শুভানুধ্যায়ীরা বলেন, তাঁর জ্ঞান, প্রজ্ঞা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।