আনোয়ারায় মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা

প্রকাশিত: 02:57 দুপুর, 24 আগ 2026
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জাহেদ হাসান (২৮), মো. নুরচ্ছফা (৩৪), মো. ইসমাইল নেওয়াজ (২৬) ও মো. আসাদ (২৯)-কে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। এসময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী উপস্থিত ছিলেন।