আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

প্রকাশিত: 02:41 দুপুর, 22 আগ 2026
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার উত্তর হাইলধর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে আনোয়ারা থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। কর্মসূচিতে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক হাসান, ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম, স্থানীয়দের মধ্যে উত্তর হাইলধর জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কালাম, খলিলুর রহমান, সেলিম, আক্কাস উদ্দিন, জুয়েল, মিজান, সাইফু প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।