আনোয়ারায় ঘরে মিলল যুবকের ঝুলন্ত লাশ
চট্টগ্রামের আনোয়ারায় মো. সাকিব (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাকিব স্থানীয় বাসিন্দা ইউনুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাকিবের পরিবারের অন্য সদস্যরা একটি অনুষ্ঠানে অংশ নিতে যান। সাকিব তখন বাড়িতে একাই ছিলেন। রাত ১২টার দিকে সদস্যরা বাসায় ফিরে এসে সাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।