আনোয়ারায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কৈনপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে নেপাল নাথ (২৬) ও টিটু সেন নামের দুই যুবককে দেশীয় চোলাই মদ সেবন করা অবস্থায় হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নেপাল নাথকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং টিটু সেনকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে আনোয়ারায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।