কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন

প্রকাশিত: 03:37 দুপুর, 27 জুল 2026
চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্প্রতিক ভারি বৃষ্টি ও বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৪নং ওয়ার্ডের আজিমপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং অসংখ্য মানুষ আক্রান্ত হওয়ার ঘটনার পর জরুরি উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু আক্রান্ত এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রায় ২০ জনকে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হয়। এর ভিত্তিতে আজিমপাড়া-খোয়াজনগর এলাকাকে ডেঙ্গু জোন হিসেবে চিহ্নিত করা হয়। পরে বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্যদের নিয়ে ওই এলাকায় মশক নিধন অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্ণফুলী।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছা কেয়া, সিপিপি উপজেলা টিম লিডার এম মঈনউদ্দীন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা জামিল, খোয়াজনগর ৪নং ওয়ার্ডের সদস্য তাহের আহমদ, বর্ণমালা হাতেখড়ি স্কুলের প্রতিষ্ঠাতা ও সময়ের আলোর সাংবাদিক মনসুর আলম মুরাদ এবং উপজেলা স্যানিটারি অফিসার টিটু দাশ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী, সিপিপি স্বেচ্ছাসেবক, ইউনিয়ন পরিষদের চৌকিদার এবং চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা।

ডা. জেবুন্নেছা কেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুরো উপজেলাজুড়ে মাইকিং করানো হবে। পাশাপাশি তিনি উপজেলাবাসীকে বিনামূল্যে ডেঙ্গু টেস্টসহ সব ধরনের সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের অনুরোধ জানান।