রাউজানে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সলিং দুর্ভোগ থেকে মুক্তি পেল হাজারো মানুষ
রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার কাঁচা সড়কটি অবশেষে সলিং করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে ৩০০ ফুট দৈর্ঘ্যের এই সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৩০ বছর পর অবহেলিত সড়কটিতে সলিংয়ের কাজ হওয়ায় স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। স্থানীয় সূত্র জানায়, রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ির এই কাঁচা সড়কটিতে দীর্ঘদিন ধরে কোনো গাড়ি চলাচল করতে পারত না, এমনকি বর্ষা মৌসুমে পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছিল। ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো ওই এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রান্তিক কৃষক এবং বহু পরিবারের হাজার হাজার মানুষকে। এমন পরিস্থিতিতে এলাকার দুর্ভোগ লাঘবে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় সড়কটি সংস্কার ও সলিংয়ের উদ্যোগ নেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন। নিজস্ব অর্থায়নে সড়কটির কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হলো। স্থানীয় অধিবাসীরা জানান, সড়কটি কাঁচা থাকায় বিশেষ করে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থী এবং বয়োবৃদ্ধদের যাতায়াতে বহু কষ্ট পোহাতে হতো। এখন সড়কটি সলিং হওয়ায় পুরো এলাকার দৃশ্যপট বদলে গেছে এবং সব পেশার মানুষ এর সুফল পাবেন। সড়কটির সলিং নির্মাণকাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কমিটির অর্থ সম্পাদক আবুল মনছুর, সমাজ সেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, ইসহাক মিয়া, মো.জাহেদ, মমতাজ, আসিফ, ইয়াছিন উদ্দিন মাসুদ, রিপন, ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় এলাকাবাসী উদ্যোক্তা ও অর্থায়নকারীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।