সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 05:54 সকাল, 18 জুল 2026

'সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম’র নির্দেশনায় মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে'।

এরই ধারাবাহিকতায়, শুক্রবার ১৭ জুলাই জালালাবাদ থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের আখালিয়া নতুন বাজার এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সমন্বিত, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা অপরিহার্য। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে বক্তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সহকারী পুলিশ কমিশনার আলী ফরিদ আহমেদ বলেন,উপস্থিত সকলকে নিজ নিজ পরিবার, প্রতিবেশী ও সমাজের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও মাদক সেবন, বিক্রি বা মাদক-সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে "জিনিয়া" অ্যাপ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ টহল পুলিশ, হটলাইন নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবহিত করতে হবে।

পরিশেষে তিনি র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী সকল ব্যক্তি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স" নীতির প্রতি পুনরায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।