বৃষ্টিতে বিপর্যস্ত আনোয়ারায় ত্রাণ বিতরণ ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় প্রশাসন
ফরহাদুল ইসলাম, আনোয়ারা:
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকা ও পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা ও টেকপাড়া গ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, "টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।"
শুকনো খাবার বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।