আনোয়ারার বেড়িবাঁধে সাতকানিয়ার নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: 05:07 বিকাল, 11 জুল 2026


ফরহাদুল ইসলাম,​আনোয়ারা:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগর উপকূল থেকে আব্দুল আলম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আলম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া (৬ নম্বর ওয়ার্ড) এলাকার ভেট্টা মিয়ার ছেলে। গত দুই দিন আগে তিনি সাঙ্গু নদীতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

​শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়া এলাকার ছাত্তার মাঝির ঘাটসংলগ্ন বেড়িবাঁধের পাথরের ব্লকের মধ্যে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ভোর ৪টার দিকে নিজ বাড়ির পাশের সাঙ্গু নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহ করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হন আব্দুল আলম। নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে তার মরদেহটি আনোয়ারার উপকূলে ভেসে আসে।

​এদিকে আনোয়ারায় অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং মরদেহের শরীরের বিভিন্ন চিহ্ন দেখে সেটি আব্দুল আলমের বলে নিশ্চিত হন। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতের স্বজনরা আনোয়ারা থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন।

​আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় থাকলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং মরদেহটি নিখোঁজ আব্দুল আলমের বলে নিশ্চিত করে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"