আনোয়ারায় বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ছাত্রদলের শুকনো খাবার বিতরণ

প্রকাশিত: 03:41 দুপুর, 11 জুল 2026


ফরহাদুল ইসলাম,​আনোয়ারা :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। 

​শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় রায়পুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আগামী রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির।

 এদিন ওই এলাকার প্রায় ২০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে চাউল, ডাল, তৈল, পিঁয়াজ, চিনি, চিড়া ও খাবার স্যালাইনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

​খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবাঈদ খান সিফাত, সদস্য মোফাজ্জল হোসেন জুয়েল ও আবদুল হান্নান।

​এছাড়াও আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রাশেদুল বাশার, আরিফ হাসান, হেলাল, দিদার, এয়াকুব, ইসমাইল, আলমগীর, আয়াদ, সেজাম, ফাহিম, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব এবং যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​ত্রাণ বিতরণকালে ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির বলেন, "ভয়াবহ বন্যায় রায়পুর ইউনিয়নের বহু মানুষ পানিবন্দি ও অসহায় হয়ে পড়েছেন। আমাদের অভিভাবক লায়ন হেলাল উদ্দিন ভাইয়ের নির্দেশনায় আমরা সাধ্যমতো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত বন্যাকবলিত মেহনতি মানুষের পাশে আমাদের এই মানবিক সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে।"