অতিবৃষ্টি ও ভারী বর্ষণে বিপর্যস্ত আনোয়ারা: প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ
ফরহাদুল ইসলাম,আনোয়ারা:
টানা ভারী বর্ষণ ও অতিবৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় পানিবন্দী ও গৃহহীন মানুষ। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আজ শুক্রবার (১০ জুলাই) পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলার পরৈকোড়া, মাহাতা, দেওতলা, ঔষখাইন ও মামুরখাইন গ্রামের পানিবন্দী অসহায় ও গৃহহীন মানুষের ঘরে ঘরে গিয়ে এই শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। ত্রাণ বিতরণকালে তিনি জানান, অতিবৃষ্টির কারণে উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী এবং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরীসহ স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।