আনোয়ারায় ইছামতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার
প্রকাশিত: 06:45 বিকাল, 04 জুল 2026
চট্টগ্রামের আনোয়ারায় ইছামতি খাল থেকে অর্ধগলিত ও মাথাবিহীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।