সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য : সিসিক প্রশাসক

প্রকাশিত: 04:46 সকাল, 03 জুল 2026

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রীড়া সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। ক্রীড়াঙ্গনের বিকাশে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সিলেট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামের হলরুমে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিলেটের ক্রীড়াঙ্গন সবসময়ই প্রাণবন্ত। এ পর্যন্ত এই অঞ্চলের ক্রীড়াঙ্গনের যত অগ্রগতি হয়েছে, তার পেছনে বিএসপিএ সিলেটের অবদান রয়েছে। ক্রীড়া সাংবাদিকরা শুধু খেলার সংবাদ পরিবেশনই করেন না, তারা নতুন প্রতিভা তুলে ধরা, সমস্যা-সম্ভাবনা চিহ্নিত করা এবং ক্রীড়াঙ্গনের ইতিবাচক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিএসপিএ সিলেটের সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রবীণ ক্রীড়া সাংবাদিক বদরুদ্দোজা বদর, আম্পায়ার্স অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেন আরমান, সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি কামরুল হাসান, জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ শিব্বির আহমদ, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়নু কবীর লিটন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএসপিএ সিলেটের সাবেক সভাপতি মান্না চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি হাসান মোহাম্মদ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আফজাল।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সোনালী অতীতের সাধারণ সম্পাদক রাজা আহমদ চৌধুরী, বিএসপিএর নির্বাহী সদস্য মিজানুর রহমান, সদস্য শাহীন আহমদসহ ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।