শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: 04:14 দুপুর, 26 জুন 2026

হজরত হজরত শাহজালাল (রহ.)-এর মাজার-এর আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এমপিকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে প্রথম সদস্য এবং সিলেটের জেলা প্রশাসককে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া দরগাহ মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি এবং মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যসচিব মাজারের ব্যাংক হিসাব পরিচালনার দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে কমিটি মাজার ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ প্রণয়ন করবে।

কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সদস্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ডিআইজি জিল্লুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা।

বাণিজ্যমন্ত্রী বলেন, “হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সিলেটের অন্যতম পরিচয় এবং এটি সিলেটবাসীসহ দেশের মানুষের আবেগ ও আস্থার কেন্দ্র। এ কারণে মাজারসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে মানুষের গভীর আগ্রহ ও নজর থাকে। মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে আলোচনায় উপস্থিত সবাই স্বচ্ছতার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।”

তিনি আরও বলেন, “এই কমিটির প্রধান লক্ষ্য হলো পুরো ব্যবস্থাপনার মধ্যে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা। আগামী এক মাসের মধ্যে আমরা একটি যৌক্তিক পদ্ধতি নির্ধারণ করব এবং তা দেশের মানুষের সামনে উপস্থাপন করব।”