সরকারি অনুমোদন ছাড়াই মাছের খাদ্য উৎপাদন, কালারপোলে জরিমানা ৫ হাজার

প্রকাশিত: 03:23 দুপুর, 24 জুন 2026

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকায় সরকার অনুমোদন ছাড়াই মাছের খাদ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে পরিচালিত অভিযানে ‘ছমির এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।‎‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কর্ণফুলীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির মালিক মো. নাছির উদ্দিনকে (২৮) সরকার অনুমোদন ছাড়াই মাছের খাদ্য উৎপাদনের অপরাধে এই জরিমানা করা হয়। তিনি কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার মৃত আমিন শরীফের ছেলে।‎‎প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কালারপোলস্থ ছমির এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি যথাযথ সরকারি অনুমোদন ছাড়াই মাছের খাদ্য উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।‎‎সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে কিশোয়ান, বনফুল ও ফুলকলি ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংগ্রহ করত। পরে সেসব পণ্যের মোড়ক খুলে বিস্কুট, কেক, সেমাই, নুডুলস ও মুড়ির মতো খাদ্যসামগ্রী বস্তাবন্দি করে মাছের খাদ্য তৈরির কাঁচামাল হিসেবে বিভিন্ন কারখানায় বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই অভিযান পরিচালনা করা হয়।‎‎ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে খাদ্য বা খাদ্যসংশ্লিষ্ট পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।