সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মেধা অন্বেষণ ও সুস্থ চিন্তার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে

প্রকাশিত: 02:02 রাত, 13 জুন 2026

সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম চারুকলা প্রদর্শনীর গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রদশনীর উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে কেবল প্রথাগত উৎসব-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, প্রকৃত অর্থে মেধা অন্বেষণ ও সুস্থ চিন্তার ‘সেন্টার অফ এক্সিলেন্স’ (উৎকর্ষ কেন্দ্র) হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মাসুদ রানার সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) পদ্মসেন সিনহা, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব ও মদন মোহন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ আহমদ, , সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্য সদস্য সচিব রায়হান এইচ খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী খুব সাদাসিদে জীবন যাপন করছেন, খুব অল্প সংখ্যক সহকমী নিয়ে তিনি চলাফেরা করেন, তার গাড়ি ট্রাফিক সিগন্যালে দাড়াচ্ছে। তিনি মানুষকে কাছে টেনে নিতে চান।এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ চেয়েছিল, আমরা চেয়েছিলাম। এই প্রধানমন্ত্রীর পাশে আমাদেরকে থাকতে হবে, আমাদের বাংলাদেশকে বিজয়ী হতে হবে। মানুষ যেন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে সেই প্রয়াস চালাতে হবে। এবং এটাও স্বীকার করতে হবে, সেই প্রচেষ্টা চলছে। আজ ৯ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে দেয়া হয়েছে। টাকার অংকে এটি মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, বাহরাইনের চেয়ে বড়ো বাজেট। বাংলাদেশকে এগিয়ে নিতে এই সরকার যুগোপযোগী কমসূচি হাতে নিয়েছে এবং ইনশা আল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, শুধু গুটিকয়েক গান, কিছু নাচ বা আবৃত্তি পরিবেশনই আমাদের শিল্পকলা একাডেমিগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত নয়, আমাদের যে নিজস্ব ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে—তার প্রকৃত প্রতিফলন ঘটাতে হবে এই প্রতিষ্ঠানে। কারণ সংস্কৃতি কেবল মঞ্চের পারফরম্যান্স নয়, সংস্কৃতি আমাদের পুরো জীবনব্যবস্থার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত।"

তিনি শিল্পকলা একাডেমিকে কোনো নিছক সরকারি খোলসে বন্দি না রেখে একে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়ে বলেন, যেখানে স্থানীয় অভিভাবক ও শিশুদের সরাসরি সম্পৃক্ততা থাকবে।

ইতিহাসের উদাহরণ টেনে রাষ্ট্রদূত বলেন, মানব সভ্যতার আদি গোড়াপত্তন এবং ভাষা ও সংস্কৃতির মূল জায়গাটিই হচ্ছে ছবি আঁকা। ছবি কথা বলে। মিশরীয় বা রোমান সভ্যতা থেকে শুরু করে ইউরোপীয় রেনেসাঁয় লিওনার্দো দা ভিঞ্চি কিংবা মাইকেল অ্যাঞ্জেলোর কালজয়ী সৃষ্টি পৃথিবীকে সমৃদ্ধ করেছে।

সদ্য সমাপ্ত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি তরুণদের প্রশংসা করে বলেন, "তোমরাই এই রাস্তায় আলপনা এঁকেছ, ছবি এঁকেছ। তোমাদের গ্রাফিতিতে পুরো বাংলাদেশ সয়লাব হয়ে গিয়েছিল। তোমাদের ভেতরের ক্ষোভ, যন্ত্রণা যেমন সেখানে প্রকাশ পেয়েছে, তেমনি রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠেছে সতীর্থ ও বন্ধুদের প্রতি গভীর সহানুভূতি।"

তিনি এই প্রদর্শনীতে অংশ নেওয়া তরুণ শিল্পীদের উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই শিল্পীদের মধ্য থেকেই কেউ হয়তো ভবিষ্যতে বিশ্বখ্যাত লুভর মিউজিয়াম কিংবা ব্রিটিশ মিউজিয়ামে জায়গা করে নেবে। তাই কোনো অবস্থাতেই হতাশ না হয়ে চেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।

অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মুশফিকুল ফজল আনসারী বলেন, গ্লোবাল ভিলেজের এই যুগে পৃথিবীর কোথাও বাচ্চাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। ইচ্ছার স্বাধীনতা: "সন্তান ল' বা ইকোনমিক্স পড়তে চাইলে তাকে জোর করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর প্রবণতা বন্ধ করতে হবে।""কেউ মিউজিকে ভালো হলে তাকে জোর করে ছবি আঁকানো কিংবা কেউ ছবি আঁকায় পারদর্শী হলে তাকে পিয়ানো বাজাতে বাধ্য করা উচিত নয়।"

তিনি বলেন, শিশুদের সঠিক পথনির্দেশনা বা গাইড করা অভিভাবকের দায়িত্ব, তবে তার নিজের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে যাতে তাদের ওপর কোনো মনস্তাত্ত্বিক চাপ না পড়ে এবং তারা স্বাধীনভাবে প্রতিভার বিকাশ ঘটাতে পারে।

সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণে আমাদের উদাসীনতার সমালোচনা করে রাষ্ট্রদূত বলেন, "আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বা স্থাপনা তৈরি হয়। বাইরে থেকে দেখতে চমৎকার, লিফটও সুন্দর। কিন্তু বাথরুমে গেলে দেখা যায় পানি নেই, কল কাজ করছে না কিংবা সাবান নেই। আমরা যে সুবিধাটি ব্যবহার করব, তা যেন অন্যের ব্যবহারের উপযোগী করে রেখে আসি। এই পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পযায়ে শিশু ও সাধারণ বিভাগে ২জন শিল্পীকে ‘প্রদর্শনী শ্রেষ্ঠ পুরস্কার’ প্রদান করা হয়। এছাড়া শিশু ও সাধারণ বিভাগে প্রতিবর্ষে একজন করে ৮জন শিল্পীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনাসভাশেষে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সিলেট জেলা শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন করেন। এবারের প্রদর্শনীতে জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ৭৮ জন শিক্ষার্থীর জলরং, অ্যাক্রেলিক, প্যাস্টেল, স্কেচসহ বিভিন্ন মাধ্যমে আঁকা ১১৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ১৬ জুন পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা সবার জন্য উন্মুক্ত থাকবে।

আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।