মুক্তিযোদ্ধা ফজল আহমদের কন্যার যুক্তরাষ্ট্রে শিক্ষাগত সাফল্য

প্রকাশিত: 09:43 সকাল, 18 মে 2026

বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদের বড় মেয়ে প্রকৌশলী সাবরিনা বিনতে আহমদ সাকী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্স অব সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেছেন। গত ১৭ মে ২০২৬ বিশ্ববিদ্যালয়টির আয়োজিত সংবর্ধনা ও সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার এই সাফল্য উদযাপন করা হয়।
সাবরিনা সাকীর এ অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পিতা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ এবং মাতা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক জেসমিন আরা বেগম। মেয়ের এমন আন্তর্জাতিক সাফল্যে তারা গর্ব ও আনন্দ প্রকাশ করেন।
জানা যায়, প্রকৌশলী সাবরিনা বিনতে আহমদ সাকী দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর তিনি সফলতার সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
শুধু সাবরিনা নন, ফজল আহমদের অন্য সন্তানরাও নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের আরেক মেয়ে ইফফাত বিনতে ফজল ইমু যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়েই কর্মরত রয়েছেন।
তৃতীয় কন্যা ডা. সায়মুনা জেসমিন পিংকি এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) সম্পন্ন করে বর্তমানে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট মেয়ে ফারিয়া জেসমিন প্রিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ থেকে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
চার কন্যার এমন শিক্ষাগত ও পেশাগত সাফল্যে গর্বিত মুক্তিযোদ্ধা ফজল আহমদের পরিবার। স্থানীয়রা বলছেন, এই পরিবার নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষার মাধ্যমে দেশ ও সমাজে অবদান রাখার যে মানসিকতা পরিবারটি লালন করছে, তা সত্যিই প্রশংসনীয়।
ফজল আহমদদের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে। তার পিতা মরহুম মোঃ মনোহর আলী এবং মাতা ছবুরা খাতুন। এলাকার মানুষও পরিবারের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এবং সাবরিনা সাকীর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন।