কর্ণফুলীতে তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত: 05:50 সকাল, 20 এপ্র 2026
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে হাম ও রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় চরলক্ষ্যা এলাকায় অবস্থিত স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব চন্দ্র রুদ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাসিন মোস্তফা, মেডিকেল অফিসার (মাতৃ ও শিশু স্বাস্থ্য) ডা. সোমা চৌধুরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ এমআর (Measles-Rubella) টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে যারা নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করেছে, তাদেরও এই ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব চন্দ্র রুদ্র বলেন, “শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদানের কোনো বিকল্প নেই। অভিভাবকদের সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, এই কর্মসূচি সফল করতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই কর্ণফুলীর প্রতিটি শিশু এই টিকার আওতায় আসুক। এজন্য মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।”
অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের প্রধান শিক্ষক এবং কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ নুর।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচি আগামী তিন সপ্তাহ ধরে চলবে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত তারিখ অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা হবে। এজন্য অভিভাবকদের নিজ নিজ এলাকার স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত দিনে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, এই টিকাদান কর্মসূচি শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং হাম-রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সহযোগিতায় এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং কর্ণফুলী উপজেলা হাম ও রুবেলামুক্ত অঞ্চলে পরিণত হবে।