ঢাকা | বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার ও ভারতীয় প্রভাব রোধের দাবিতে শাহ আমানত সেতুতে ‘আজাদী’ স্লোগান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
  • পঠিত: ৯৮ বার
Overlay/Verification
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং দেশে ভারতীয় আগ্রাসন ও প্রভাব বিস্তার রোধের দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে শাহ আমানত সেতু এলাকায় টানা কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বীর চট্টলায় দ্বিতীয় দিনের মতো রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শহীদ বশিরুজ্জামান চত্বরে ব্লকেড কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ‘আজাদী, আজাদী’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র ও যুব নেতারা দাবি করেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এখনো দৃশ্যমান নয়। তারা অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম শুরুর দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভারতীয় প্রভাব দিন দিন বেড়ে যাচ্ছে, যা সার্বভৌমত্বের জন্য হুমকি। এই প্রভাব বন্ধ না হলে ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে বলেও বক্তারা আশঙ্কা প্রকাশ করেন। আন্দোলন চলাকালে ‘Justice for Hudi’ লেখা প্ল্যাকার্ড, জাতীয় পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার হাতে দেখা যায় আন্দোলনকারীদের। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার অবরোধে শাহ আমানত সেতু ও আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা ও শহরমুখী যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে ঘরমুখো মানুষ, কর্মজীবী, বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। অনেক যাত্রীকে দুই কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে পার হতে হয়। অবরোধের প্রভাব ছড়িয়ে পড়ে নগরজুড়ে। কর্ণফুলী শাহ আমানত সেতুর উপর অতিরিক্ত চাপ কমাতে কর্ণফুলী থানা পুলিশ ও কর্ণফুলী ট্রাফিক বিভাগ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়। কর্ণফুলী শিকলবাহা ক্রসিং এলাকা থেকে যান চলাচল সীমিত করা হয়। মইজ্জ্যারটেক চত্বরে পুলিশের চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকার নিয়েও সমালোচনামূলক ও বিদ্রুপমূলক স্লোগান দেন। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও বিদেশি প্রভাবের বিরুদ্ধে রাজপথে থাকা ছাড়া তাদের আর কোনো পথ নেই। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেওয়া হয়। দোয়া মোনাজাত এর মধ্যে আন্দোলন শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হলে আগামী দিনে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়, যেন শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা না যায়।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স