ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় প্রস্তুত মস্কো: রুশ পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
  • পঠিত: ৬৬ বার
Overlay/Verification
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা হাতে পেয়েছে মস্কো এবং তারা এটা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তাস।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সেটা এখন (শান্তি পরিকল্পনা) আমাদের হাতে। আমরা একটা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে পেয়েছি। এটি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়নি। তবে (রুশ) প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, আমরা এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। কারণ এমন অনেক বিষয় রয়েছে যা স্পষ্ট হওয়া প্রয়োজন।’  

আর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া কূটনৈতিক উপায়ে ইউক্রেনে তার লক্ষ্য অর্জনে আগ্রহী এবং আলোচনার জন্য উন্মুক্ত। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আলোচনার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। আমরা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে আমাদের লক্ষ্য অর্জনে আগ্রহী।’ 

এদিকে এক মার্কিন কর্মকর্তার বরাতে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন।  

প্রতিবেদন মতে, এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানিয়েছেন, ইউক্রেনীয় প্রতিনিধিদল রাশিয়ার সাথে যুদ্ধ অবসানে মার্কিন শান্তি পরিকল্পনার শর্তগুলোতে রাজি হয়েছে। ওই কর্মকর্তার কথায়, ‘কিছু ছোটখাটো বিষয় সমাধানের বাকি আছে। তবে তারা একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।’  

  মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল সোমবার (২৪ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতে এক গোপন শান্তি বৈঠকে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করেন। এরপরই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার খবর এলো।  

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলমান যুদ্ধের অবসানের লক্ষে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র।  

একজন মার্কিন কর্মকর্তা এবং বৈঠকের সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল এবং রাতেই রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু করেন। আজ মঙ্গলবারও (২৫ নভেম্বর) আলোচনা অব্যাহত থাকবে।  

তিন বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে জেনেভায় ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার বড় অগ্রগতির পর আবুধাবিতে আলোচনাটি অনুষ্ঠিত হয়।  

  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে গত সপ্তাহে ২৮ দফা শান্তি প্রস্তাব সামনে আনে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রস্তাবটি ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হয়। প্রস্তাবটি নিয়ে গত রোববার (২৩ সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের নেতারা।  

বৈঠকের পর প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কিন্তু ‘এখনও কিছু কাজ করার বাকি আছে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এখন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট (ডনাল্ড) ট্রাম্পের দল আমাদের কথা শুনছে।’  

ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবের শর্তগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একইসাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবেও এ প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স