ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকোতে ইসরাইলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
  • পঠিত: ৬৪ বার
Overlay/Verification
গত বছরের শেষের দিকে মেক্সিকোতে নিয়োজিত একজন ইসরাইলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। শুক্রবার (৭ নভেম্বর) এমন দাবি করেছেন একজন মার্কিন কর্মকর্তা। তবে সেই প্রচেষ্টা দমন করা হয়েছে এবং বর্তমানে আর কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

তবে, মেক্সিকো সরকার পরে জানায়, ‘মেক্সিকোতে ইসরাইলি রাষ্ট্রদূতের বিরুদ্ধে কথিত হামলার কোনো তথ্য নেই তাদের কাছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা বলেন, ইসরাইলি রাষ্ট্রদূত আইনাত ক্রানজ নেইগারের বিরুদ্ধে ওই ষড়যন্ত্র হয়েছিল এবং চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত এই চেষ্টা অব্যাহত ছিল।

বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা আরও বলেন, ‘ষড়যন্ত্রটি আটকে দেয়া হয়েছিল এবং বর্তমানে এ নিয়ে আর কোনো হুমকি নেই। এটি ইরানের কূটনীতিক, সাংবাদিক, ভিন্নমতাবলম্বী এবং তাদের সাথে একমত না হওয়া যে কাউকে বিশ্বব্যাপী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার দীর্ঘ ইতিহাসের সর্বশেষ ঘটনা।’

তবে এই কর্মকর্তা কীভাবে চক্রান্তটি ব্যর্থ করা হয়েছিল তা বলতে বা অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

এদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মেক্সিকোর নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইরান পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ককে ব্যর্থ করার জন্য ধন্যবাদ জানিয়েছে। 

অন্যদিকে, আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা জানায়, মেক্সিকোতে ইরানি দূতাবাস বলেছে যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

এতে আরও বলা হয়, ‘আমরা কখনই আমাদের বন্ধু মেক্সিকানদের সুনাম নষ্ট করব না। আমরা মেক্সিকোর স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতাকে আমাদের নিজস্ব স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে বিবেচনা করি এবং মেক্সিকোর আইনকে সম্মান করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ মেহর দূতাবাসের উদ্ধৃতি দিয়ে এমনটা জানিয়েছে।  

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা প্রায়শই অভিযোগ করে আসছে, ইরান এবং তার প্রতিনিধিরা তেহরানের বিরোধীদের বিরুদ্ধে সহিংস হামলা চালানোর চেষ্টা করছে। তবে, ইরানি কর্মকর্তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স