সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং একটি মাদক, অপরাধ ও বেকারত্বমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আমেনা রহমান স্কুল সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আমেনা রহমান সমাজ কল্যাণ পরিষদ। দীর্ঘ প্রায় দুই মাসের পরিকল্পনা, আলোচনা ও সাংগঠনিক প্রস্তুতির পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আমেনা রহমান স্কুল প্রাঙ্গণে একটি ভবনে পরিষদের প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার ১১টি বাড়ির সম্মানিত ব্যক্তি, প্রবীণ, যুবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিত ছিলেন নুরুল আকতার, জানে আলম ইমন, মোঃ সাদেক, মোঃ ফয়সাল, মোঃ বাবুল, সাদ্দাম, আব্দুল আউয়াল রানা, এয়ার মোহাম্মদ মাষ্টার, মোঃ আকরাম, হাজী আনছার আহমদ, হাজী ওলী হোসেন, মো. এনাম, আজাদ মেম্বারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়ন কেবল অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সচেতন নাগরিক সমাজ। এ লক্ষ্য নিয়েই ১১টি বাড়ির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে একটি সুসংগঠিত সমাজ কল্যাণ পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছেন।
বৈঠকে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাদকাসক্তি প্রতিরোধ, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, পারিবারিক বিরোধ নিরসন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বেকারত্ব কমানোর বিষয়ে।
বক্তারা বলেন, বর্তমানে বেকারত্ব সমাজের অন্যতম বড় সংকট। কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ হতাশ হয়ে পড়ে এবং কেউ কেউ মাদকাসক্তি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যায়। তাই শুধু অপরাধ দমন নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণও সময়ের দাবি।
সভায় আরও বলা হয়, মাদকাসক্ত ব্যক্তিদের সমাজ থেকে বিচ্ছিন্ন না করে সচেতনতা, ভালোবাসা ও পারিবারিক সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বলেন, এলাকার প্রতিটি পরিবার যদি পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে একসঙ্গে কাজ করে, তাহলে সামাজিক অনেক সমস্যারই সমাধান সম্ভব। এজন্য রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে নিয়মিত সভা আয়োজন, সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সময় বক্তারা বলেন, "আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে থাকবে না মাদক, চুরি, সহিংসতা কিংবা বিভেদ। থাকবে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান।"
সভা শেষে উপস্থিত সবাই সমাজের সার্বিক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং একটি আধুনিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আমেনা রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগকে সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ উদ্যোগ ভবিষ্যতে এলাকার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে এবং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Sarwar Rana