দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের বিক্ষোভ,ডিসি বরাবর স্মারকলিপি প্রদান
-
নিউজ প্রকাশের তারিখ :
Aug 11, 2026 ইং
-
পঠিত: ৯ বার
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, স্বার্থবিরোধী গেজেট ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলসহ বিভিন্ন দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকরা।
রোববার ৯ আগস্ট সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, বুরজানসহ ২৩টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়ে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে চা শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপি প্রদানকালে শ্রমিক নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমান মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।
চা শ্রমিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন সিলেটের জেলা প্রশাসক। এ সময় তিনি শ্রমিকদের আশ্বাস দিয়ে জানান, তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, তাঁদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স