ফরহাদুল ইসলাম,আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এর পাশাপাশি সড়কে চলাচলকারী লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন বিভিন্ন যানবাহনকে ভবিষ্যতে আইন মেনে চলার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করে প্রশাসন।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সড়ক পরিবহন আইন অমান্যকারী ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, জনস্বার্থে এবং যাত্রী সাধারণের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলমান থাকবে।