চট্টগ্রামের কর্ণফুলীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সাম্পান মালিক সমিতির (রেজি নং: চট্ট-১৬২০/৯২) ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে কর্ণফুলীর পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বাদামতল) কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সমিতির মোট ভোটার সংখ্যা ১২২ জন। এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কয়েকটি পদে একক প্রার্থী থাকায় মোট ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
নির্বাচন কমিশনার সচিব আলহাজ্ব মাস্টার এম সাইফুদ্দিন মানিক জানান, সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভোটকেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে।”
এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আব্দুল নবী (চেয়ার), আমির আহম্মদ (টিয়া পাখি) এবং জাহাঙ্গীর আলম (ছাতা)। সহ-সভাপতি পদেও তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন নুর আলম (মাছ), মোহাম্মদ ইদ্রিস (মোরগ) এবং হাফিজ আহমেদ (কবুতর)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। তারা হলেন জেবল হোসাইন (কলসি) ও আবু নাছের (গোলাপ ফুল)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাবেদ আহমেদ (হারিকেন) ও রহমত আলী (তালা)।
অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জাবেদ (চাকা), সাংগঠনিক সম্পাদক পদে শেখ আহমদ (রিকশা), দপ্তর সম্পাদক পদে শখির আহমদ (জবা ফুল), প্রচার সম্পাদক পদে শফি আলম (কলম) এবং ক্রীড়া সম্পাদক পদে আকতার হোসেন (ফুটবল) একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে তিনটি আসনের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন এরশাদ আহমেদ, আবসার আহমেদ, হাসান আলী এবং বশির আহমেদ। এ চারজনের মধ্য থেকে ভোটের মাধ্যমে তিনজন নির্বাচিত হবেন।
নির্বাচন উপলক্ষে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এম মঈন উদ্দিন বলেন, “আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। ভোটাররা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, পর্যবেক্ষকদের উৎসাহিত করতে র্যাফেল ড্রয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের কার্ডের নির্ধারিত অংশ কুপন বক্সে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কর্ণফুলী থানা পুলিশ, সদরঘাট নৌ থানা পুলিশ এবং গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
ভোট দিতে আসা কয়েকজন সদস্য জানান, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত। তাদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা সাম্পান মালিকদের স্বার্থ রক্ষা এবং সমিতির উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।
সংশ্লিষ্টদের মতে, ছোট পরিসরের হলেও ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সাম্পান মালিক সমিতির এই নির্বাচন স্থানীয়ভাবে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, কর্ণফুলী নদীকেন্দ্রিক জীবিকার সঙ্গে জড়িত শতাধিক পরিবারের প্রতিনিধিত্ব করবে এই কার্যকরী পরিষদ। ফলে নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
Sarwar Rana