ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা: সাবেক দুই পরিচালক কারাগারে
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 31, 2026 ইং
-
পঠিত: ১২৮ বার
চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক দুই পরিচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হওয়ায় অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন ইউসিবিএলের সাবেক পরিচালক অপরূপ চৌধুরী (৬৫) এবং তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬)। তারা দুজনই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই ঋণ অনুমোদনের আগে ব্যাংকের তদন্ত কমিটি একটি প্রতিবেদন দিয়েছিল, যেখানে ঋণ প্রস্তাবটি নিরাপদ নয় বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে ঋণ প্রদানের বিপক্ষে ১৭টি নেতিবাচক কারণ তুলে ধরা হয়েছিল। তবে এসব সতর্কতা উপেক্ষা করে তৎকালীন বোর্ড অব ডিরেক্টরস ঋণ অনুমোদন দেয়, যা পরবর্তীতে বড় ধরনের অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে পরিণত হয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল আলম বলেন, তার মক্কেলরা ইউসিবিএলের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অপরূপ চৌধুরী একজন সাবেক সরকারি প্রশাসনিক কর্মকর্তা এবং তৌহিদ সিপার রফিকুজ্জামান একটি বিদেশি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তারা স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে জামিন আবেদন করা হয়েছিল, যা আদালত গ্রহণ করেননি।
দুদকের করা এই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। গত ১১ মার্চ একই আদালত মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেদিন গ্রেপ্তার থাকা আটজন ছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ৫ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে এবং ওই দিন মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। তার আগে ৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পাশাপাশি তার স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আরামিট গ্রুপের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে ইউসিবি ব্যাংক ও জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ইউসিবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন করিয়ে সেই অর্থ আত্মসাৎ করা হয় এবং পরবর্তীতে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।
এদিকে মামলার আসামিদের মধ্যে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল এবং জাবেদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে সুপারিশ করেছেন। পাশাপাশি তদন্তে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরও আসামি করা হয়েছে।
দুদকের এই মামলাটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দায়ের করা প্রথম অভিযোগপত্র বলে জানা গেছে। মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ৫ এপ্রিল থেকে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana
কমেন্ট বক্স