শুরুতে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর পর প্রথমার্ধেই এগিয়ে নেন জোয়াও পেদ্রো। পরে আরেকবার বল জালে পাঠিয়ে করেন হ্যাটট্রিক। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবার এই স্বাদ পেয়ে আনন্দে ভাসছেন চেলসির ফরোয়ার্ড।
গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে বুধবার অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়েছে চেলসি। প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে জিতে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়েও এক ধাপ এগিয়েছে তারা।
স্টামফোর্ড ব্রিজের দলটির বড় জয়ের কারিগর পেদ্রো। দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়া চেলসিকে ৩৫তম মিনিটে সমতায় ফেরান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফুটবলার।
পরে দ্বিতীয়ার্ধে দলের শেষ গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। চেলসির তৃতীয় গোলটি করেন কোল পামার।
নতুন কোচ লিয়াম রোসেনিয়ারে পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন পেদ্রো। লিগে ১৪ গোলের আটটিই তিনি করেছেন গত আট ম্যাচে। মৌসুমের শুরুতে চেলসিতে যোগ দেওয়া পেদ্রো দারুণ হ্যাটট্রিকের পর চেলসি টিভিতে নিজের অনুভূতি জানান।
“এটা আমার জন্য আরেকটি স্বপ্নের রাত। একটি বড় দলের হয়ে হ্যাটট্রিক করা, এখানে যোগ দেওয়ার পর থেকে আমি এমন একটা মুহূর্তের অপেক্ষায় ছিলাম।”
চেলসির জার্সিতে প্রথম হ্যাটট্রিকের জন্য এটা ছিল উপযুক্ত রাত। এখন স্রেফ সামনে এগিয়ে যেতে হবে এবং আরও গোল করতে হবে। আমার মনে হয় সবাই নিখুঁত ছিল, যখন দল এভাবে খেলবে আমি গোল করার সুযোগ পাবই।”
ভিলাকে উড়িয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। ২৯ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৪৮। সমান পয়েন্ট নিয়ে তাদের নিচে লিভারপুল। আর চারে ভিলার পয়েন্ট ৫১।
শুধু নিজের পারফরম্যান্সেই নয়, দলের সবার পারফরম্যান্সেই খুশি ২৪ বছর বয়সী পেদ্রো।
“সবাই দুর্দান্ত খেলেছে এবং আমাদের এভাবে খেলা চালিয়ে যেতে হবে। দিনটা সবার জন্যই দারুণ কেটেছে। শীর্ষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এখনও ৯ ম্যাচ আমাদের হাতে আছে।”
নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা
দৈনিক ইনফো বাংলা